ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান, গোপালগঞ্জ, কুমিল্লা ও খুলনায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় শুক্রবার সকালে ইট বোঝাই একটি ট্রাক উল্টে মারা গেছেন একজন। আহত হয়েছেন আরও পাঁচজন।
গোপালগঞ্জে শুক্রবার ও বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুজন।
এছাড়া কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী যাত্রীবাহী বাস ও সিএনজি টেক্সির সংঘর্ষে শুক্রবার দুপুরে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে এবং খুলনায় গাড়ি চাপায় একজন নিহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বান্দরবান: সদর উপজেলার খানসামা থেকে ইট নিয়ে বান্দর সদরে আসার পথে ট্রাকটি উল্টে যায়। এতে নিহত হয়েছেন মো. ইসমাইল নামে এক ব্যক্তি।
বান্দরবানের সহকারী পুলিশ সুপার আবদুল কাইয়ুম সিকদার ঘটনাস্থল থেকে ফিরে জানান, আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- ট্রাক চালক হারুন, ওসমান গণি, শ্রমিক মোফাজ্জল, উবাচিং ও মংচিং মারমা। দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার দুপুর ও বৃহস্পতিবার রাতে পৃথক সড়ক দূর্ঘটনায় ট্যাক্সি ক্যাব চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর তিনজন।
নিহতরা হলেন- ট্যাক্সি ক্যাব চালক আরিফ শেখ (২৮), হাজেরা খাতুন (৭৮)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহম্মদ জানান, মাওয়া ফেরী ঘাট থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ট্যাক্সি ক্যাবের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটস্থলে মারা যান ক্যাব চালক।
দূর্ঘটনায় ট্যাক্সির দুই যাত্রী ও কার্ভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। তাদের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ট্যাক্সির দুই যাত্রী হলেন- ইউসুফ (৪০) ও ইয়াকুব (৪৫)। এরা সদর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল খায়ের মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে একই মহাসড়কের ধূসড় ব্রিজের কাছে নছিমন চাপায় হাজেরা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন।
কুমিল্লা: জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরার মোড়ে শুক্রবার দুপুর ১টার দিকে কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- অটোরিকশা চালক বুড়িচং উপজেলার সামসুল হক ও অটোরিকশার যাত্রী ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের হাসান শাহরিয়ার।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ আলী জানান, দুপুর ১টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া টাটেরার মোড়ে কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সামসুল হক ও হাসান শাহরিয়ার ঘটনাস্থলে মারা যান।
ঘটনায় দুটি গাড়ির আরও ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গাড়ী আটক করা হয়েছে। মামলা হয়েছে।
খুলনা: শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুরে পলি ক্লিনিকের সামনে রুপসা জিপ চাপায় মফিজ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মফিজের বাড়ি শহরের কুলিবাগান এলাকায়।
এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ওই রাস্তায় ব্যারিকেড দিলে দু'ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দৌলতপুর থানা-পুলিশ জানায়, দুপুরে দৌলতপুরের পলি ক্লিনিকের সামনে রুপসা সেতু থেকে ছেড়ে আসা একটি হলুদ রংয়ের জিপ মফিজকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। গাড়িটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24