২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিত নারী সম্পর্কে বিরূপ দৃষ্টিভঙ্গি দূর করতে হবে: প্রধান উপদেষ্টা

শিক্ষিত নারী সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরে যে বিরূপ দৃষ্টিভঙ্গি রয়েছে তা দূর করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'নারী উন্নয়নে সচেতনতা সৃষ্টির প্রচারাভিযান' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষিত নারী সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরে যে বিরূপ দৃষ্টিভঙ্গি রয়েছে তা দূর করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'নারী উন্নয়নে সচেতনতা সৃষ্টির প্রচারাভিযান' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 'নারীকে তার প্রাপ্য দিলে, দেশ ও দশের সুফল মেলে' এ শ্লোগানকে সামনে রেখে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ প্রচারাভিযান শুরু করেছে । প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দীন আহমদ বলেন, "সমাজের কিছু কিছু অংশে শিক্ষিত নারী সম্পর্কে যে বিরূপ দৃষ্টিভঙ্গি দেখা যায় তা দূর করতে আমাদের উদ্যোগী হতে হবে। কর্মক্ষেত্রে নারী যেন অসম্মান বা অবমাননার শিকার না হয়, তারা যেন আইন সঙ্গত অধিকার ভোগ করতে পারে, তা আমাদের নিশ্চিত করতে হবে। ন্যায়-নীতি ও বিবেক-বুদ্ধি জাগ্রত করে সবাইকে একযোগে কাজ করতে হবে।" প্রধান উপদেষ্টা বলেন, "বিশ্বের অন্যান্য দেশের মতো আমদেরকেও জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সমাজ ও অর্থনীতির সর্বত্র নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। এ বিষয়ে যার যার অবস্থানে থেকে সচেতনভাবে প্রয়াস চালাতে হবে।" উন্নয়ন কর্মকাণ্ডের মূল স্রোতধারা থেকে নারীকে দূরে রেখে দেশের আর্থ-সামাজিক প্রগতি সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, "১৫ কোটি নারী-পুরুষের সম্মিলিত শ্রম ও মেধায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব; এ বিশ্বাস আমার আছে। তাই আমাদের সমাজ, অর্থনীতি ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে।" সভাপতির বক্তব্যে মহিলা ও নারী বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, "নারী-পুরুষের সমতা অর্জনের জন্য চাই রাজনৈতিক অঙ্গিকার, সঠিক পরিকল্পনা এবং এর বাস্তবায়ন। এ লক্ষ্যেই বাংলাদেশ কাজ করছে।" অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাতে প্রচারাভিযানের অংশ হিসেবে এমডিজি-৩ চ্যাম্পিয়ন টর্চ নামে একটি টর্চ তুলে দেন রাশেদা কে চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা। অনুষ্ঠানের শেষ অংশে প্রচারিভানের 'থিম সং' গেয়ে শোনান ফাহমিদা নবী, কৃষ্ণ কলি, অর্ণব ও নাজিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/এসকে/১৯৩৮ঘ.