নওগাঁ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু মামলা দায়ের কিংবা জেলায় জেলায় সভা করে দুর্নীতি দমন সম্ভব নয় বলে মনে করেন দেশের দুর্নীতি দমন সংস্থার শীর্ষ ব্যক্তি হাসান মশহুদ চৌধুরী। তার মতে, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
বুধবার সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় হাসান মশহুদ বলেন, "আত্মশুদ্ধি আর দেশপ্রেমে প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেরা দুর্নীতিমুক্ত না হলে বাইরের কোনও শক্তি বা মহল এসে দুর্নীতি দূর করে দেবে না। শুধু বেধড়ক মামলা করে কিংবা জেলায় জেলায় সভা করে দুর্নীতি দমন সম্ভব নয়। দুর্নীতিমুক্ত জাতি গড়তে নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে।"
'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক ওই মতবিনিময় সভায় অংশ নেন জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, "জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে সরকারি কর্মকর্তাদের দেশপ্রেম ও জবাবদিহিতা থাকতে হবে।"
তিনি বলেন, "সাধারণ মানুষ দুর্নীতি পছন্দ করে না। অথচ একদিনে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এটাও আশা করা যায় না। সময়ের ব্যবধানে ধর্মীয় অনুশাসন মেনে চলে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, জাতির কথা ভেবে নিজে থেকে সংশোধন হয়ে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।"
নওগাঁর জেলা প্রশাসক মো. শেফাউল করিমের সভাপতিত্বে সভায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মেজর শফিউল আলম, পুলিশ সুপার মো. মোফাজ্জেল হোসেন ছাড়াও জেলার সবগুলো উপজেলার বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১২৩৭ ঘ.
bdnews24