২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগপত্র

সম্পদের তথ্য গোপন করার অভিযোগে করা মামলায় সাবেক জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন করার অভিযোগে করা মামলায় সাবেক জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন। চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম বাবরের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ৫ জুলাই বাবরকে তার সম্পদের হিসাব দেওয়ার জন্য দুদক নোটিশ দেয়। ২৩ জুলাই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে ৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১১ টাকার সম্পদের হিসাব দেন। কিন্তু দুদকের তদন্তে জানা যায়, সম্পদ বিবরণীতে বাবর বাড়ি নির্মাণে বিনিয়োগ করা ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা ও বৈদেশিক মুদ্রায় ব্যাংকে জমা করা ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকার তথ্য দেননি। জরুরি বিধিমালার অন্তর্ভুক্ত এ মামলায় ৯ জনকে সাক্ষী করা হয়েছে। বাবর বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএইচবি/২০৪৮ ঘ.