২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী ইপিজেডের জন্য আর কোনও জমি অধিগ্রহণ না করার আশ্বাস

ফেনী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার পর এ জন্য আরও কোনও জমি অধিগ্রহণ না করার আশ্বাস দিয়েছেন বেপজা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ফেনী, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার পর এ জন্য আরও কোনও জমি অধিগ্রহণ না করার আশ্বাস দিয়েছেন বেপজা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান। ইডিজেডের জন্য জমি অধিগ্রহণ করা হবে- এমন আশঙ্কায় ইপিজেড স্থাপনে স্থানীয়দের বিরোধিতার পরিপ্রেক্ষিতেই তিনি এ আশ্বাস দিয়েছেন। ইপিজেড স্থাপনের বিরোধিতাকারী স্থানীয়রা মঙ্গলবারও বিক্ষোভ করেছে। মঙ্গলবার ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় বেপজা চেয়ারম্যান বলেন, "অধিকৃত ২৮০ একর জমিতেই ফেনী ইপিজেড হবে। ইপিজেড প্রতিষ্ঠিত হওয়ার পরে অতিরিক্ত এক ইঞ্চি জমিও অধিগ্রহণ করা হবে না এবং অধিগ্রহণকৃত জমির মালিকদের বর্তমান বাজার দরের সঙ্গে সমন্বয় করেই ক্ষতিপূরণ দেওয়া হবে।" বিভিন্ন দিক বিবেচনায় ফেনীতে ইপিজেড স্থাপন সুবিধাজনক দাবি করে জামিল আহমেদ বলেন, "ইতোমধ্যেই ১০টি বিদেশি শিল্প প্রতিষ্ঠান ফেনী ইপিজেডে শিল্প স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছে।" ইপিজেড স্থাপনে বিরোধিতাকারীদের দৃষ্টি আকর্ষণ করে বেপজা চেয়ারম্যান বলেন, "এ নিয়ে যারা আন্দোলন করছে, তারা ভুল করছে। ইপিজেড হলে স্থানীয়রাই বেশি উপকৃত হবে। তারা ইপিজেডে চাকরি, পণ্য সরবরাহ ও বিভিন্ন ঠিকাদারির সুযোগ পাবে।" তিনি ইপিজেড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক মো. মাছুম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মদ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খালেদ আবু নাছের, পৌর মেয়র নুরুল আবসার, ফেনী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সহ সভাপতি শওকত হায়দার টিপু, ফেনী প্রেসক্লাব সভাপতি নূরুল করিম মজুমদার প্রমুখ। সভা শেষে বেপজা (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ) চেয়ারম্যান ইপিজেড প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এদিকে ইপিজেড বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে প্রকল্প এলাকা মজলিশপুরে মিছিল সমাবেশ করেছে গ্রামবাসী। তারা সড়কে গাছ ফেলে ব্যারিকেডও তৈরি করে। গত ফেব্র"য়ারি মাসে ফেনী ইপিজেড অনুমোদন লাভের পর থেকে মজশিলপুরে ১৪০ একর মিলিটারি এস্টেটের ভূমিসহ ২৮০ একর ভূমিতে ইপিজেড স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়। তবে স্থানীয় এলাকাবাসী ওই প্রকল্প বাস্তবায়নের বিরোধিতা করে নানা কর্মসূচি পালন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯৩৫ ঘ.