২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাহিত হয়েছেন সমুদ্র গুপ্ত

কে না মৃত্যুর পায়ের শব্দ পায়/ কবি, ফল বিক্রেতা, মধ্যদিবসের সুঠাম নারী ও শীতের রাতে যারা গভীর ঘুমে অচেতন তারাও/- এই পংক্তির রচয়িতা কবি সমুদ্র গুপ্ত অসংখ্য মানুষের ভালবাসা আর শ্রদ্ধা বুকে নিয়ে মঙ্গলবার সমাহিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কে না মৃত্যুর পায়ের শব্দ পায়/ কবি, ফল বিক্রেতা, মধ্যদিবসের সুঠাম নারী ও শীতের রাতে যারা গভীর ঘুমে অচেতন তারাও/- এই পংক্তির রচয়িতা কবি সমুদ্র গুপ্ত অসংখ্য মানুষের ভালবাসা আর শ্রদ্ধা বুকে নিয়ে মঙ্গলবার সমাহিত হয়েছেন। দুপুর সোয়া তিনটার দিকে কবিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে কবির শবযাত্রায় সামিল হতে জড়ো হয়েছিলেন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার লোকজন। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে সমুদ্র গুপ্তকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শত শত মানুষ ফুলে ফুলে ঢেকে দেন কবির কফিন। শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের লোকজন। শহীদ মিনারে দুপুর সাড়ে বারোটার দিকে কবিকে গার্ড অব অনার দেয় পুলিশ বাহিনীর সদস্যরা। কবিকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, প্রকাশক মফিদুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী, মো. নুরুল হুদা, কবি মুহম্মদ সামাদ, আর টিভির পক্ষ থেকে ম হামিদ, নাট্যকার আতাউর রহমান, পরিচালক ও অভিনেতা মামুনুর রশীদ, সাংবাদিক নির্মল সেন, কলামিস্ট কামাল লোহানী, কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির মহা পরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রফেসর এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাবি'র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিল্পী ফকির আলমগীর প্রমুখ। সংগঠনের মধ্যে ছিল আওয়ামী লীগ, গ্র"প থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আবৃত্তি সমন্বয় পরিষদ, ওয়ার্কার্স পার্টি, গণশিল্পী সংস্থা, ঋষিজ, বাংলাদেশ সাম্যবাদী দল। এর আগে সকাল সাড়ে দশটার দিকে কবির মরদেহ শাহবাগের আজিজ সুপার মার্কেটে আনা হয়। সেখানেও কবিকে শ্রদ্ধা জানায় অনেকে। কবির দাফনে অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এনায়েত হায়দার জানান, দুপুর সোয়া তিনটার দিকে কবিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। ক্যান্সারে আক্রান্ত সমুদ্র গুপ্ত ১৯ জুলাই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আগামী শুক্রবার বাদ আসর কলাবাগানে কবির বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এসকে/এমএইচবি/১৮২৯ ঘ.