ঢাকা, জুলাই ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩শ'র বদলে আগামী অক্টোবরে ৪৮২ উপজেলাতেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্যজোট। মঙ্গলবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
এছাড়া ৪টি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভায় নাগরিকদের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দানে উৎসাহিত করতে ২৬ জুলাই থেকে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু। তিনি উপজেলা নির্বাচনে বেশিসংখ্যক প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগ না করে অংশ নেওয়ার সুযোগ দিতে দাবিও জানান।
৪ সিটি করপোরেশন ও ৯ পৌরসভায় আসন্ন নির্বাচনে অনেক 'চিহ্নিত সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও কালো টাকার মালিক' প্রার্থী হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে ইউনিয়ন পরিষদ ঐক্যজোট । তারা নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিতে 'উদ্বুদ্ধকরণ কর্মসূচি' গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে আছে 'সুনাগরিকের দায়িত্ব' সম্বলিত হ্যান্ডবিল ও পোস্টার বিতরণ, প্রার্থীদের মনোনয়নপত্রের অঙ্গীকারনামায় দেওয়া তথ্যাবলী জনসমক্ষে প্রকাশ, পাড়া-মহল্লায় পথসভা এবং সকল পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে সংগঠনের মহাসচিব আতাউল ইসলাম বুলবুল, আবুল হোসেন খান, কাজী তাফসীর আহমেদ, হাসান রকীব আজাদ, মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/
bdnews24