ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিযোগ নিস্পত্তি না করে দুর্নীতি মামলার অভিযুক্তদের ছেড়ে দিলে 'এক এগারোর' তাৎপর্য থাকে না বলে মন্তব্য করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় কোরেশী বলেন, "আমি কারো নাম উল্লেখ করে কিছু বলতে চাই না। তবে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের ছেড়ে দিলে এক এগারোর তাৎপর্য থাকে না। জনগণও তা মেনে নেবে না।"
জাতীয় নির্বাচনের আগে দুর্নীতির সব অভিযোগের বিচার শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, "তা না হলে অভিযুক্তরা নির্বাচনকে প্রভাবিত করবে। এতে দেশ আবার এক এগারোর আগের অবস্থায় ফিরে যাবে।"
কোরেশী বলেন, "সরকারের দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের কারণেই সাধারণ মানুষ এতদিন সিডর, বন্যা ও দ্রব্যমূল্য বৃদ্ধির কষ্ট মেনে নিয়েছে। কিন্তু গত কয়েক সপ্তাহে দুর্নীতি মামলার বেশকিছু অভিযুক্ত ছাড়া পাওয়ায় এবং দুর্নীতি বিরোধী অভিযান শিথিল হওয়ায় মানুষ কষ্টে আছে।"
দলের ঢাকা মহানগরের আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন এ রফিকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিডিপির মহাসচিব নূর মোহাম্মদ খান, অতিরিক্ত মহাসচিব গোলাম সারোয়ার মিলন, দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর রিয়াজুল ইসলাম বীর বিক্রম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/জেকে/এমএইচবি/২১১২ ঘ.
bdnews24