ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রোববার রাজধানীসহ সারাদেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকায় বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। তাই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। আগামী দুয়েকদিনও এমন আবহাওয়া থাকতে পারে।"
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।
রোববার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া কার্যালয়।
এছাড়া, বেলা ১২টা পর্যন্ত নোয়াখালীর মাইজদীকোর্টে ২৩ মিলিমিটার, ময়মনসিংহে ১৫ মিলিমিটার, টাঙ্গাইলে ২৩ মিলিমিটার, ফরিদপুরে ১৬ মিলিমিটার, পাবনার ঈশ্বরদীতে ৩৮ মিলিমিটার, রাজশাহীতে ১৪ মিলিমিটার, বগুড়ায় ৮ মিলিমিটার, নীলফামারীর সৈয়দপুরে ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রোববার জানিয়েছে, দেশের কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। দেশের নদ-নদীগুলোর ৭৩টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে একটিতে (কপোতাক্ষের ঝিকরগাছায়) পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এসএনডি/১৮২৩ ঘ.
bdnews24