ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন অধ্যাদেশ জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির নেই বলে হাইকোর্টের দেওয়া রায় একমাসের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো: আব্দুল মোতিনের আদালত হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সরকারকে নিয়মিত আপিল দায়ের করারও নির্দেশ দিয়েছে।
সরকারের আবেদনের ওপর শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন কামরুল হক সিদ্দিকী।
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপতি অতিপ্রয়োজনীয় না হলে এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কহীন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না বলে গত ১৩ জুলাই রায় দিয়েছিল হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এসকে/১৫২৯ঘ.
bdnews24