ফরিদপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক গণসংহতি ও সাপ্তাহিক আল-মোয়াজ্জিন পত্রিকার সম্পাদক সৈয়দ ইমামুল আজম আব্দুর রব শনিবার সন্ধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
সন্ধ্যা সোয়া ৬টায় ফরিদপুর শহরের পূর্বখাবাসপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সাংবাদিক বাবু ছিলেন নিঃসন্তান। তিনি স্ত্রী, চার ভাই, তিনি বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিকসহ সবমহলে 'বাবু ভাই' নামে পরিচিত সৈয়দ ইমামুল আজম অবিভক্ত বাংলার 'খাদেমুল ইনসান' নামের সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ আব্দুর রবের দ্বিতীয় ছেলে।
রোববার বাদ জোহর চকবাজার জামে মসজিদে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১২টায় তার মরদেহ প্রেসক্লাবে রাখা হবে।
সৈয়দ ইমামুল আজম বাবুর মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২০০ ঘ.
bdnews24