২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা লাঞ্ছনার প্রতিবাদে রাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রাজবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ এক বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রাজবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ এক বিবৃতিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। গত ১১ জুলাই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াত ইসলামীর মদদপুষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিনিধি সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ায় টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা মো. আলী আমানকে টেনে-হিঁচড়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয় আয়োজকরা। আয়োজকদের একজন তাকে লাথিও মারে। এ ঘটনায় সারা দেশে প্রতিবাদ অব্যাহত আছে। জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নামের ওই সংগঠনটিকে নিষিদ্ধ করারও দাবি উঠেছে। একই দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বর থেকে একটি মিছিল বের করে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক জিন্নাহ আল মামুন। একই দাবিতে দুপুর ১২টার দিকে ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়নে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সায়েম ও সাধারণ সম্পাদক তুষার কান্তি দাশ। মুক্তিযোদ্ধা লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন- রাজবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খেলাফত হোসেন, মুক্তিযুদ্ধের গ্র"প কমান্ডার মোহাম্মদ ইলিয়াস মিয়া, আবু বকর, মোহাম্মদ হেলাল, আকতার হোসেন, আব্দুল বারী মণ্ডল, মোবারক হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৩৭ ঘ.