২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে 'জেন্ডার বুক ফেয়ার' শুরু

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা 'জেন্ডার বুক ফেয়ার'। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বইমেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এ মেলার আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা 'জেন্ডার বুক ফেয়ার'। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বইমেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এ মেলার আয়োজন করেছে। মোট ১৩টি বিষয়ের ৫১০টি বই নিয়ে এ মেলা রোববার পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "উন্নয়নমুখী সমাজ নির্মাণে নারীদের পিছিয়ে থাকলে চলবে না। সব বাধা দূর করে উন্নয়ন কর্মকাণ্ডে নারীদেরও এগিয়ে আসতে হবে।" বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদ বলেন, "নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়িত হোক- এটা দেশের মানুষ চায়। সমাজের ক্ষুদ্র একটি অংশই কেবল এর বিরোধিতা করছে।" আইন থাকলেও তার সুষ্ঠু প্রয়োগ না থাকায় নারী নির্যাতন না কমে বরং বাড়ছে বলে মন্তব্য করেন কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন। নারী অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৫ সালের বেইজিং সম্মেলনের পথ ধরে এগিয়ে যাওয়ার তাগিদ দেন সাবেক রাষ্ট্রদূত ও নারী নেত্রী সালমা খান। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেলী খাদিজা আজাদ বলেন, সম্ভবত এটিই বাংলাদেশে জেন্ডার বিষয়ক প্রথম বই মেলা। জেন্ডার ইস্যুতে গবেষণা, আলোচনা বৃদ্ধি এবং এ ব্যাপারে পাঠকের আগ্রহ সৃষ্টি করাই এ মেলার উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। শনি ও রোববার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এসকে/২১১৮ঘ.