২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-প্রচারণা সিলেটে জমে উঠেছে নির্বাচনী প্রচার

সিলেটে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। তীব্র বৃষ্টি উপেক্ষা করে বুধবার দিনভর জনসংযোগ চালিয়েছেন প্রার্থীরা। নগরীর বিভিন্ন স্থানে মাইকে শোনা গেছে প্রার্থীদের পক্ষে ভোটের আবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

সিলেট, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। তীব্র বৃষ্টি উপেক্ষা করে বুধবার দিনভর জনসংযোগ চালিয়েছেন প্রার্থীরা। নগরীর বিভিন্ন স্থানে মাইকে শোনা গেছে প্রার্থীদের পক্ষে ভোটের আবেদন। সকালে বৃষ্টির মধ্যেই বন্দর বাজার এলাকায় গণসংযোগ শুরু করেন মেয়র পদপ্রার্থী বাবরুল হোসেন বাবুল। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, "সময় খুব একটা বেশি নেই, তারপরও প্রতিটি মহল্লায় যাওয়ার চেষ্টা করছি।" মেয়র পদের আরেক প্রার্থী এম এ মুকিত খান দুপুরে বরইকান্দিতে কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, গণসংযোগের ফাঁকে কর্মীদের সঙ্গে আলোচনার জন্য এই 'উঠান বৈঠক'। বর্তমান মেয়র ও ১৪ দল সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন তার স্ত্রী আসমা কামরান ও ছেলে আরমান আহমদ শিপলু। মা-ছেলে দুপুরে নগরীর তালতলায় গণসংযোগ করেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ দলীয় নেতারা এ সময় তাদের সঙ্গে ছিলেন। মেয়র পদে নাগরিক কমিটি সমর্থিত প্রার্থী আ ফ ম কামাল বিকেলে চারাদীঘির পারে সাংবাদিক সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে বলা হয়, "বিগত দিনগুলোতে সিলেট সিটি করপোরেশনে যে সীমাহীন দুর্নীতি, অব্যবস্থা ও অরাজকতার সৃষ্টি হয়েছে তার অবসানের লক্ষ্যে সাবেক পৌর চেয়ারম্যান আ ফ ম কামালকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে সম্মিলিত নাগরিক কমিটি। তিনি মেয়র নির্বাচিত হলে পানীয় জল, জলাবদ্ধতা, যানজট ও পরিবহনসহ সব ধরনের সঙ্কট দূর করতে নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন।" কামাল ছাড়াও সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বিকেলে নগরীর সোবহানী ঘাটে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক এর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়। মেয়র পদের অন্যান্য প্রার্থী জাতীয় পার্টির আবদুস সামাদ নজরুল, কুনু মিয়া, খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম, জাসদের (জিকু) সৈয়দ হাবিবুর রহমান হিরণ, এম কুতুব উদ্দিনসহ অনেকেই দিনভর জনসংযোগ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২১৮ ঘ.