চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সরকারি কলেজে বুধবার কোনও ক্লাস হয়নি। জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কর্তৃপক্ষের উদ্যোগেই ক্লাস বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ওই অনুষ্ঠানে অংশ নিতে কলেজ প্রশাসন একদিন আগে নোটিসও দিয়েছে। তবে অধ্যক্ষ বলছেন, একটি 'ভালো' অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মাত্র, কোনও নির্দেশ দেওয়া হয়নি।
'ক্যাম্পাস' নামে একটি পাক্ষিক পত্রিকা এবং ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত 'বর্ণক সাংস্কৃতিক সংসদ'র যৌথ উদ্যোগে বুধবার সকালে কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুব উল্ল্যাহ, ছাত্র শিবির পরিচালিত প্রবাহ কোচিং সেন্টারের পরিচালক কলিম উল্ল্যাহ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ।
শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার নোটিস বোর্ডে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। বুধবার অনেক শিক্ষার্থী ক্লাসে এসেও ফিরে গেছেন। শিক্ষকরাও ক্লাস নিতে উৎসাহ দেখাননি।
শিক্ষার্থীরা অভিযোগ করছেন, ছাত্রশিবির নিয়ন্ত্রিত এ কলেজের অধ্যক্ষ ওই সংগঠনকে খুশি করে চলেন। ছাত্র শিবিরের বিরাগভাজন হওয়ার ভয়ে অনেকে শিক্ষকও ক্লাস নেননি। স্নাতক ও ডিগ্রি পাস কোর্সের অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে উপস্থিত হলেও তাদের ক্লাস নেওয়া হয়নি।
নাম প্রকাশ অনিচ্ছুক পরিসংখ্যান (সম্মান) প্রথম বর্ষের এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ক্লাস করতে গেলে বিভাগের চেয়ারম্যান জানিয়ে দেন, আজ ক্লাস হবে না। তবে এর সুর্নিদিষ্ট কোনও কারণ তিনি জানাননি।"
নাম প্রকাশ না করার শর্তে এক জন সহযোগী অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজের নিজস্ব অনুষ্ঠান না হলে অধ্যক্ষ এভাবে নোটিস দিতে পারেন না। একইভাবে অনুষ্ঠানে তার সভাপতিত্ব করাও নীতিগতভাবে কাম্য নয়।"
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ ক্লাস বন্ধ রাখার বিষয়টি অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুষ্ঠানে শিক্ষকদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে নোটিস দেওয়া হয়েছে, নির্দেশ নয়। আর একটি ভালো অনুষ্ঠানে শিক্ষকরা উপস্থিত না থাকলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে না।"
তিনি দাবি করেন, কলেজ ক্যাম্পাসে কোনও অনুষ্ঠান হলে শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণের হার এমনিতেই কমে যায়।
ছাত্রশিবিরের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগের বিষয়ে অধ্যক্ষ বলেন, "দীর্ঘকাল ধরে কলেজের নিজস্ব অনুষ্ঠানে তারা সহযোগিতা করে। এখানে এটাই নিয়ম হয়ে গেছে। এ অনুষ্ঠানেও তারা সহায়তা করেছে। এতে দোষের কিছু নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/এমআই/২০৫১ ঘ.
bdnews24