২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সম্মেলনে একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার মানব বন্ধন ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

সিলেট, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সম্মেলনে একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার মানব বন্ধন ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের সামনে মানব বন্ধন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে সেখানেই একটি প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজাকারমুক্ত দেশ গঠনে এগিয়ে আসতে হবে।" মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িত দায়ীদের শাস্তির দাবি জানানো হয় সমাবেশে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিসৌধ স্থাপনের দাবি জানানো হয়। চোখ ফিল্ম সোসাইটির যুগ্ম আহবায়ক সোহেল রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আক্তারুল ইসলাম। গত শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াত ইসলামীর মদদপুষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের এক সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ায় টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা মো. আলী আমানকে টেনে-হিঁচড়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয় আয়োজকরা। একজন তাকে লাথিও মারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/২০২৯ ঘ.