সাতক্ষীরা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশী রাখাল নিহত হয়েছে।
বুধবার ভোররাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এই ঘটনা ঘটে বলে বিডিআর সদস্য ও স্থানীয়রা জানিয়েছে।
বিডিআরের ৪১ ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর কামরুল হাসান সীমান্তে গোলাগুলিতে এক বাংলাদেশী নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।
নিহতের নাম আজাহারুল ইসলাম (৩০)। তিনি কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে বিএসএফের ১২৬ ব্যাটালিয়নের তারালী ক্যাম্পের সদস্যরা কয়েকজন গরু রাখালকে লক্ষ করে ২ রাউন্ড গুলি ছোড়ে। এতে আজাহারুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
লাশটি বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে ভোররাতে সীমান্তে আজহারুলের যাওয়ার কারণ কেউ নিশ্চিত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24