ঢাকা,জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর তেজগাঁও এলাকায় সোমবার রাতে একজন কর্মরত সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তার টাকা এবং মোবাইল ফোন নিয়ে গেছে।
বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী'র স্টাফ রির্পোটার দিপু সিকদার রাত ৯টার দিকে অটোরিক্সায় করে বাংলামোটর যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। অটোরিক্সাটি কাওরান বাজার তিতাস গ্যাস অফিসের কাছের সিগন্যালে থামলে চারজন ছিনতাইকারী এসে চাপাতির ভয় দেখিয়ে দিপুর কাছে থাকা ৩ হাজার টাকা,একটি মোবাইল ফোন এবং পেনড্রাইভ নিয়ে যায়।
দীপু সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসময় চাপাতির আঘাতে তিনি সামান্য আহত হন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এব্যাপারে একটি মামলা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৫১ঘ.
bdnews24