২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করেছে আদালত

ক্ষমতার অপব্যবহার করে বেঞ্চ সহকারি পদে উত্তীর্ণ হওয়া প্রার্থীকে বাদ দিয়ে অপর একজনকে নিয়োগের বিরুদ্ধে চাওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার ১১ নম্বর সহকারি জজ বেগম শাম্মী আকতারের দেওয়া এ আদেশে নিম্ন আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 05:23 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে বেঞ্চ সহকারি পদে উত্তীর্ণ হওয়া প্রার্থীকে বাদ দিয়ে অপর একজনকে নিয়োগের বিরুদ্ধে চাওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার ১১ নম্বর সহকারি জজ বেগম শাম্মী আকতারের দেওয়া এ আদেশে নিম্ন আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারি পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ পাননি টাঙ্গাইলের ঘাটাইল থানার বেলদহ গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মোহাম্মদ নূরুজ্জামান সিদ্দিকী। তিনি পরীক্ষায় ৫ম স্থান অধিকার করেন। কিন্তু নিয়োগ দেওয়া হয় ১৫তম মো. এমদাদুল ইসলামকে। হতাশ ও ক্ষুদ্ধ নূরুজ্জামান ঢাকার জেলা জজ কে এম ইশতিয়াক হোসাইনের আদালতে ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক, নিয়োগপ্রাপ্ত এমদাদুল ইসলামকে মূল বিবাদি করে এবং ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. এনামুল হক, মুখ্য মহানগর দায়রা জজ মো. মতিয়ার রহমান ও মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীকে মোকাবিলা বিবাদি করে দেওয়ানি মামলা করেন। মামলায় এমদাদুলের নিয়োগকে অবৈধ এবং নিয়োগদাতাদের ক্ষমতার অপব্যবহারকারী হিসেবে অভিহিত করে ঐ নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগের পর ঐ পদে কাজ শুরুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়। সোমবার অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানিতে উৎসাহী আইনজীবী ও আদালতের বিভিন্ন স্তরের কর্মচারীরা আদালতে ভিড় করেন। বাদির আইনজীবী আর এম শহিদুল ইসলাম অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুরের প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারকদের এ রকম নীতিগর্হিত কর্ম স্বাধীন বিচারবিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে। কারচুপি করে দেওয়া এ নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।" ১১ নম্বর সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুরের আদেশে বলেছেন, "নিয়োগদানকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত একচ্ছত্র।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩১৭ঘ.