সিরাজগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শিশু দীপাকে অপহরণ ও হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আফতাব উদ্দীন সোমবার এ মামলা রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- শাহজাদপুর উপজেলার বেতকান্দি গ্রামের আকাব্বর হোসেন (১৮) এবং মো. আব্দুর রাজ্জাক (৪০)।
রায়ে মামলার অপর আসামি একই এলাকার জয়নাল আবেদিনকে (২০) খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৬ জুন শাহজাদপুরের বেতকান্দি গ্রামের দীলিপ কুমারের মেয়ে দীপা রানী সাহাকে (৮) অপহরণ করে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। টাকা না দেওয়ায় দীপাকে মেরে ফেলা হয়। ১৮ জুন গ্রামের একটি পুকুর থেকে দীপার লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পর দীপার বাবা বাদি হয়ে তিন জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন।
আদালতের রায়ে দীলিপ কুমার সাহা সন্তোষ প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৯ ঘ.
bdnews24