২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ সোমবার খুলছে

ছাত্র সংঘর্ষের জের ধরে তিনদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) সোমবার খুলছে। রোববার সকালে কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস খুলে দিয়েছে। পরিচয়পত্র ও আসন বরাদ্দপত্র দেখে শিক্ষার্থীদের ছাত্রাবাসে ঢুকতে হয়। এসময় কলেজ অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক ছাড়াও পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংঘর্ষের জের ধরে তিনদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) সোমবার খুলছে। রোববার সকালে কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস খুলে দিয়েছে। পরিচয়পত্র ও আসন বরাদ্দপত্র দেখে শিক্ষার্থীদের ছাত্রাবাসে ঢুকতে হয়। এসময় কলেজ অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক ছাড়াও পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার রাতে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর কলেজ অর্নিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে ছাত্রাবাস ছেড়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়। পরে শুক্রবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের সভায় সোমবার কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এম এ ওয়াহাব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাদের নামে হলে সিট বরাদ্দ নেই তাদের কারণেই বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আসন বরাদ্দপত্র দেখে ছাত্রাবাসে ঢুকতে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।" তবে প্রথম বর্ষের ছাত্র যাদের এখনও আসন বরাদ্দ দেওয়া হয়নি অথচ অন্যদের সঙ্গে থাকছে তাদের পরিচয়পত্র ও শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রাবাসে উঠতে দেওয়া হয়েছে বলে তিনি জানান। ডা. ওয়াহাব বলেন, "কলেজ ও ছাত্রবাসে নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রোববার দুপুরে শিক্ষকদের নিয়ে বৈঠক করেছি। বৈঠকে ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।" সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করার জন্য এবং ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদন ১৬ জুলাই পাওয়া যাবে বলে অধ্যক্ষ জানান। ছাত্রদল ও শিবিরের মধ্যে ছাত্রাবাসের আসন নিয়ে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। এ সময় ৩১ টি কক্ষ ভাঙচুর, পাঁচটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১৩৪ ঘ.