ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫০ দিনে ৫৫ জেলা ঘুরে রোববার দুপুরে রাজধানীতে পৌঁছেছে 'এসো বাংলাদেশ গড়ি' রোড শো'র গাড়ি বহর।
বেলা পৌনে ৩টার দিকে গাড়ি বহর শনির আখড়ায় পৌঁছালে ঢাকার জেলা প্রশাসক কামাল উদ্দিন এ বহরকে স্বাগত জানান।
এসময় যাত্রাবড়ি আইডিয়াল হাইস্কুলের ছাত্রীরা নেচে-গেয়ে এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কাগজের পতাকা দুলিয়ে গাড়ি বহরকে বরণ করে নেয়।
তবে প্রায় দুই ঘণ্টা ধরে রোদের মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি বহরের জন্য অপেক্ষা করতে গিয়ে শিক্ষার্থীদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে। এছাড়া গাড়ি বহর আসার অনেক আগেই রাস্তা বন্ধ করে দেওয়ায় যাত্রাবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এ কারণে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।
গাড়ি বহর পৌঁছানোর পর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এ আয়োজন। খাদ্য সঙ্কট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলা এবং আগামী নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বচিত করার বিষয়ে 'রোড শো' হচ্ছে মিডিয়া ক্যাম্পেনিং।"
শনির আখড়ার অনুষ্ঠান শেষে র্যাবের একটি দল 'রোড শো'র গাড়ি বহরকে এসকর্ট করে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম নিয়ে যায়।
সোমবার সকালে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে, মঙ্গলবার উত্তরা হাই স্কুল মাঠে এবং বুধবার মিরপুর বাংলা কলেজ মাঠে রোড শো'র মেলা হবে। আর বৃহস্পতিবার ধানমন্ডিতে আবাহনী মাঠ থেকে বের হবে রোড শো'র গ্র্যান্ড র্যালি।
সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি), যৌথভাবে এ রোড শো'র আয়োজন করে।
গত ৩০ মে কৃষি উপদেষ্টা সি এস করিম রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোড শো'র উদ্বোধন করেন।
রোড শো'র গাড়িবহর ওইদিনই পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। এরপর ৫০ দিনে ৫৫টি জেলা অতিক্রম করে এ বহর। এর মধ্যে ২৫টি জেলা শহরে যাত্রাবিরতি ও রোড শো'র মেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/জেকে/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24