ঢাকা, জুলাই, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করা রিট আবেদনের ওপর শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
ব্যারিস্টার রফিক উল হক বিএনপি চেয়ারপারসন খালেদার পক্ষে রিটটির ওপর শুনানিতে বলেন, "মামলাটি দায়ের ও অভিযোগপত্র দায়েরের জন্য যে অনুমোদন দেওয়া হয়েছে, আইনের দৃষ্টিতে তা কোন অনুমোদনই নয়। কারণ এই অনুমোদন ম্যাকানিক্যাল। পুরো ঘটনা পর্যালোচনা করে এই অনুমোদন দেওয়া হয়নি।"
দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান এক সপ্তাহের সময়ের আবেদন জানিয়ে বলেন, "অনুমোদন সংক্রান্ত নথি আদালতে উপস্থাপন করা হবে। এজন্য সময়ের প্রয়োজন।"
আদালত বলেন, এই নথির কোন প্রয়োজন নেই। দুদক যেহেতু চাইছে তাই নথি উপস্থাপন করতে পারে।
গত ১০ জুলাই খালেদা জিয়া রিট আবেদনটি দায়ের করেছিলেন।
এদিকে এই মামলায় নিম্ন আদালতের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে খালেদা জিয়ার দায়ের করা আবেদনের ওপর আগামী ১৭ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার আপিল বিভাগের চেম্বারজজ বিচারপতি মো. আবদুল মতিন এ মামলায় নিম্ন আদালতের কার্যক্রম স্থগিতের খালেদার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
এ মামলায় আবেদনের পরিপ্রেক্ষিতে গতবছর ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন মঞ্জুর করে মামলাটির কার্যক্রম স্থগিত করে দেয় হাইকোর্ট। কয়েকদিন পরে, ৪ অক্টোবর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল। পরে দুদক আপিল বিভাগের ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য একটি আবেদন করে।
এবছর ১৫ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের দায়ের করা দুটি লিভ টু আপিল এবং হাইকোর্টের আদেশের ওপর ইতোপূর্বে দেওয়া স্থগিতাদেশ বৃদ্ধির আবেদন এক মাসের জন্য মূলতবি (স্টান্ডওভার) রাখে।
গতবছর ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেঁজগাও থানায় গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
এ মামলাতেই খালেদা জিয়া ও কোকোকে ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।
এ বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধেঅভিযোগপত্র দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৯১৪ ঘ.
bdnews24