ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ অন্যায় ও হয়রানি করলে চিৎকার করে তার প্রতিবাদ জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
তিনি বলেন, "পুলিশ কোনো অন্যায়, বাড়াবাড়ি বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হয়রানি করলে চিৎকার করে তার প্রতিবাদ করুণ। একজন পুলিশের অপরাধের দায় গোটা পুলিশ বাহিনী নেবে না। কেউ বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে শাস্তি পেতেই হবে।"
রোববার দিনাজপুর ও রংপুরের দুটি পৃথক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
আমাদের রংপুর প্রতিনিধি জানান, আইজিপি নুর মোহাম্মদ সকালে শহরের পুলিশ হলে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে তিনি বলেন, "পুলিশ অধ্যাদেশ তত্বাবধায়ক সরকারের সময়ে বাস্তবায়িত না হলে আর কোনো দিনই হবে না, কারণ এ সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।"
নূর মোহাম্মদ বলেন, "১৫ কোটি মানুষের দেশে মাত্র এক লাখ ২৩ হাজার পুলিশ সদস্য দিয়ে অপরাধ ও আইনশৃংখলা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই কমিউনিটি পুলিশিং এর কোনো বিকল্প নেই।"
পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তা অন্যায় করলে জনগণকে চিৎকার করে তার প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, "জনগণের কাছে পুলিশের জবাবদিহিতা করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।"
আইজিপি বলেন, "দু'চারজন অসৎ সদস্যের জন্য গোটা পুলিশ বাহিনীকে দায়ী বা লাঞ্চিত হতে দেওয়া যায় না। অন্যায় দেখলে জেলে পুরবো। কাউকে ক্ষমা করা হবে না।"
পুলিশ সুপার হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- রাজশাহী অঞ্চলের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট মিলি বিশ্বাস, জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান প্রমুখ।
দিনাজপুর প্রতিনিধি জানান, বিকেলে পুলিশ লাইন অডিটরিয়ামে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে আইজিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে আইজিপি বলেন, "পুলিশ আইন সংস্কার বাস্তবায়নের কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে পুলিশ সম্পর্কে জনগণের দীর্ঘদিনের ধারণা পাল্টে যাবে। পুলিশও তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও সততা নিয়ে কাজ করতে পারবে।"
পুলিশের উদ্দেশে তিনি বলেন, "যে পোশাক দ্বারা আমাদের জীবন জীবিকা নির্বাহ করি তার মর্যাদা রক্ষা করতে সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করতে হবে।"
মাদক ব্যবসায়ীরা কোথায় থাকে তা পুলিশের চেয়ে জনগণই বেশি জানে উল্লেখ করে তিনি তাদের ধরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
পুলিশ সুপার মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. নবীউল হক মোল্যা, দিনাজপুর পৌর চেয়ারম্যান সাফিকুল হক ছুটু, প্রেসক্লাব সভাপতি চিত্ত ঘোষ, চেম্বার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপিস্থত ছিলেন রাজশাহী অঞ্চলের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোখলেছুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24