পঞ্চগড়, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট পঞ্চগড় জজ আদালতে বোমা হামলা ও বিচারককে হত্যা পরিকল্পনার অভিযোগে পৃথক দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর চার জঙ্গিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমূল্য কুমার সরকার এ রায় দেন।
জজ আদালতে হামলা মামলায় সাজাপ্রাপ্ত চারজন হলেন- জেএমবির আত্মঘাতী স্কোয়াড সদস্য তানভরুীজ্জামান ওরফে মুরাদ ওরফে সালমান (২৫), আজিজুল ইসলাম (৩০), হাফিজুর রহমান (৩৫) ও মতিন ওরফে ইসমাইল (৩০)।
এ মামলায় অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- আব্দুল মমিন, খলিলুর রহমান, রাশিদুল ইসলাম, ফিরোজ হোসেন, হামিদুল ইসলাম এবং ফজলুর রহমান। অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় অপর আসামি শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়ালকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
তৎকালীন জেলা ও দায়রা জজ মো. রাশিদুল হাসান পাটোয়ারিকে বোমা মেরে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্রের মামলায় তানভীরুজ্জামানকে তানভীরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- আসজাদ ওরফে আওকাত, শফিকুল ইসলাম ও নুরে আলম।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মত পঞ্চগড়ের আদালত ভবন, জেলা প্রশাসক কার্যালয়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, চৌরঙ্গী মোড়ের করতোয়া কুরিয়ার সার্ভিস কার্যালয়ের সামনে জেএমবি জঙ্গিরা বোমা বিস্ফোরণ ঘটায়।
আদালত ভবনে হামলার ঘটনায় ওই দিন বিকেলে তৎকালীন পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস ফকির বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। তদন্ত শেষে ওই বছর ২৯ নভেম্বর শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়াল ও তানভীরুজ্জামানসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত চার জঙ্গিই ১৭ আগস্টের বোমা হামলার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।
২০০৫ সালের ১৯ নভেম্বর পঞ্চগড় শহরের নতুন বস্তি এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তানভীরুজ্জামানসহ তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। তাদের বিস্ফোরক, জিহাদি বই উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আটককৃতরা তখনকার জেলা জজ রাশিদুল হাসান পাটোরিয়াকে বোমা হত্যার পরিকল্পনার বিষয়টি পুলিশের কাছে ফাঁস করে দেয়।
এ ব্যাপারে তানভীরুজ্জামানসহ চারজনকে আসামি করে একটি মামলা করে পুুলিশ।
এর আগে গত ৩০ জুন একই আদালত বিস্ফোরক দ্রব্য আইনের আরেকটি মামলায় তানভীরুজ্জামান, আসজাদ ওরফে আওকাত ও শফিকুল ইসলামকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান ও অতিরিক্ত পিপি জাহাঙ্গীর আলম। নুরে আলম ও আব্দুল মমিনের পক্ষে ছিলেন- অ্যাডভোকেট গোলাম হাফিজ, জুলফিকার আলী নয়ন এবং এস এ আলম প্রধান। অন্য আসামিরা নিজেরাই মামলা পরিচালনা করেন।
সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তানভীরুজ্জামানের সাজা একের পর এক কার্যকর হবে। ফলে ৩০ বছর করে দু'দফায় তাকে ৬০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এর আগে আরেকটি মামলায় তার ২০ বছর সাজা হয়েছিল। সব মিলিয়ে তাকে মোট ৮০ বছরের সাজা ভোগ করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24