চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বাড়ানোর দাবিতে লাইটারেজ জাহাজ শ্রমিকদের কর্মবিরতি তৃতীয় দিনের মত অব্যাহত রয়েছে। এতে চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে জাহাজ থেকে পণ্য খালাসে অচলাবস্থা দেখা দিয়েছে।
লাইটারেজ জাহাজ পরিচালনাকারী সংগঠন ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (ডব্লিউটিসি) মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর জি এম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অচলাবস্থা নিরসনে রোববার সকাল ৯টা থেকে ঢাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হচ্ছে। বিকাল সাড়ে চারটা পর্যন্ত কোন সমঝোতা হয়নি।
তবে বৈঠক চলছিল বলে তিনি জানান।
লাইটারেজ জাহাজ শ্রমিকরা গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করে।
চট্টগ্রাম বন্দরে আসা বড় জাহাজ (মাদার ভেসেল) চ্যানেল দিয়ে জেটিতে ঢুকতে পারে না বলে এগুলো থেকে লাইটারেজ জাহাজের মাধ্যমে বহিনোঙরে মালামাল খালাস করা হয়ে থাকে। কর্মবিরতির কারণে বহিনোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।
এ ব্যাপারে ডব্লিউটিসির মহাসবিচ বলেন, বৃহস্পতিবার রাতের পর থেকে এ পর্যন্ত আমদানি পণ্য নিয়ে আসা কোন জাহাজেই পণ্য খালাস হয়নি। আগের দু'দিন অলস বসে থাকা ১৬টি জাহাজের সঙ্গে রোববার যুক্ত হয়েছে আরও দুটি জাহাজ।
তিনি জানান, চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে এবং কর্ণফুলী নদীতে ১৮টি পণ্যভর্তি লাইটার জাহাজ নোঙর করে আছে। এছাড়া আরও দুশ' খালি জাহাজ অলস বসে রয়েছে।
বন্দর রেডিও কন্ট্রোল কর্মকর্তারা জানান, বহিনোঙরে পণ্য খালসের জন্য অপেক্ষমান ১৮টি জাহাজের মধ্যে অধিকাংশই ভোগ্যপণ্যবাহী। একটিতে রয়েছে জ্বালানি তেল।
এর আগে শনিবার বিকালে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯১৮ ঘ.
bdnews24