২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ক্লিনিকে হামলা, গ্রেপ্তার ১

ভৈরব উপজেলায় আনোয়ারা জেনারেল হাসপাতালে সন্ত্রাসী হামলায় এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুল হক স্বপনসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবারের ওই হামলায় কয়েকলাখ টাকার সম্পদহানি হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

কিশোরগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভৈরব উপজেলায় আনোয়ারা জেনারেল হাসপাতালে সন্ত্রাসী হামলায় এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুল হক স্বপনসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবারের ওই হামলায় কয়েকলাখ টাকার সম্পদহানি হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক আহমেদ সৌরভের নেতৃত্বে এ হামলা হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মুরাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, দুপুর ১২টার দিকে আতিক আহমেদ সৌরভের নেতৃত্বে ১৫/২০ জন যুবক আনোয়ারা হাসপাতালে হামলা চালায়। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুল হক স্বপন ও তার ১০ জন কর্মকর্তা-কর্মচারীসহ ২০ জনের মতো আহত হন। হামলাকারীরা হাসপাতালের সামনে থাকা ডা. স্বপনের প্রাইভেট কার এবং একটি এক্সরে মেশিন ভাংচুর করে। তারা হাসপাতাল থেকে দু'টি ব্লাড প্রেশার মাপার মেশিন এবং কর্মচারীদের দু'টি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে গেছে। আহতদের আনোয়ারা জেনারেল হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি শাহজাহান কবীর বলেন, "ডাক্তার স্বপন বাদি হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন এবং ৯ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি মামলা করেছেন। মামলাটি পরে দ্রুত বিচার আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।" এ ব্যাপারে ডা. মো. আজিজুল হক স্বপন বলেন, হাসপাতালের অর্থ আত্মসাতের অভিযোগে প্রায় মাসখানেক আগে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। তাদের পুনর্বহালের করার জন্য কয়েকদিন আগে আতিক আহমেদ হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন। অন্যথায় খুন করারও হুমকি দেওয়া হয়। হুমকির ঘটনায় গত ১১ জূলাই ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এর দুইঘণ্টা পর এ হামলা চালানো হল। ভাংচুরের ঘটনায় হাসপাতালের দেড় প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ডাক্তার স্বপন। কিশোরগঞ্জের অতিরিক্ত পুুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, র‌্যাব-৯ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী আশরাফ ভূইয়া ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ভৈরব পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, "হামলার বিষয়টি অত্যন্ত বর্বোরোচিত ও ন্যাক্কারজনক। আমি এর তীব্র নিন্দা এবং পাশাপাশি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১২ঘ.