২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশংসাপত্র নিতে গিয়ে টাকা না দেওয়ায় অভিভাবককে মারধর

রাজধানীর শ্যামপুরের 'দনিয়া একে স্কুল এন্ড কলেজে' প্রশংসাপত্র নিতে গিয়ে এক অভিভাবক লাঞ্চিত হওয়ার ঘটনায় শনিবার দিনভর ওই কলেজে চরম উত্তেজনা বিরাজ করে। দিনভর অভিভাবকেরা বিক্ষোভ করে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শ্যামপুরের 'দনিয়া একে স্কুল এন্ড কলেজে' প্রশংসাপত্র নিতে গিয়ে এক অভিভাবক লাঞ্চিত হওয়ার ঘটনায় শনিবার দিনভর ওই কলেজে চরম উত্তেজনা বিরাজ করে। দিনভর অভিভাবকেরা বিক্ষোভ করে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। বিকেলে এই ঘটনার সমঝোতার জন্য কর্তৃপক্ষ ও অভিভাবকদের আলোচনা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। শ্যামপুর থানার উপ পরিদর্শক মইনুল আহসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দনিয়া একে হাই স্কুল এন্ড কলেজ থেকে সদ্য এসএসসি পাশ করা এক ছাত্রীর অভিভাবক জহুরুল ইসলাম। তিনি শনিবার সকাল ১১টায় প্রশংসাপত্র নেওয়ার জন্য স্কুলে গেলে স্কুল কর্তৃপক্ষ তার কাছে ১০০ টাকা দাবি করে। ওই অভিভাবক কোন রশিদ ছাড়া টাকা দিতে অস্বীকার করলে স্কুলের অফিস সহকারি আসিফ ইকবালের সঙ্গে তার কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। তিনি জানান, এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্কুলে উত্তেজনা দেখা দেয়। অভিভাবকরা সবাই একত্রিত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং অধ্যক্ষের পদত্যাগ দাবি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে উত্তেজনা চলতে থাকে। বিকাল ৫টার দিকে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকেরা সমঝোতা আলোচনায় বসলেও সন্ধ্যা পর্যন্ত আলোচনা অসমাপ্ত রেখেই সভা শেষ হয় বলে তিনি জানান। জহুরুল ইসলামের ভাতিজা রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে ভর্তির ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। আর এজন্য তার চাচা দনিয়া একে স্কুল এন্ড কলেজে তার মেয়ের প্রশংসাপত্র আনতে যান। কিন্তু কর্তৃপক্ষ রিসিট ছাড়া টাকা দাবি করায় তিনি দিতে অস্বীকার করেন। এ নিয়েই কথাকাটাকাটি থেকে হাতাহাতি হয়। তিনি জানান, বিকালের বৈঠকে কোন সমঝোতা হয়নি স্কুল কমিটি এ ব্যাপারে মধ্যস্থতা করছে। তারা এ ব্যাপারে আরো দু'দিন সময় চেয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাকার জন্য নয়, মূলত কাজের চাপের কারণে প্রশংসাপত্র দিতে দেরি হওয়া নিয়ে গণ্ডগোল বাধে। তিনি বৈঠকে সমঝোতা হয়েছে বলে দাবি করেন। তবে আগামী সোমবার আবার আলোচনায় বসা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমএ/২১০০ ঘ.