ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে শনিবার সন্ধ্যায় বাস চাপা পড়ে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
নিহত এএসএম রফিকুল ইসলাম (৪০) (বাংলাদেশ পুলিশ নং- ৬৮৮৯০৩৪৫৯১) কাফরুল থানায় কর্মরত ছিলেন। পুলিশ চালক ও সহকারীসহ ঘাতক বাসটি আটক করেছে। এ ঘটনায় রফিকুল ইসলামের সঙ্গে থাকা তার দুঃসম্পর্কের এক ভাইও আহত হয়েছেন। এ বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক জানান, রফিকুল ইসলামের বাসা ডেমরার দনিয়ায়। শনিবার তার রাত্রিকালীন কর্তব্যপালনের কথা ছিল। কর্তব্যপালনের জন্য তিনি সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে বাসা থেকে থানার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে তার দুঃসম্পর্কের ভাই মাসুদ বসে ছিল। মোটরসাইকেল নিয়ে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এলে ১২ নম্বর রুটের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মাসুদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। আর রফিকুল ইসলাম বাসের চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ চালক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও সহকারী সোহেল (২২)সহ ঘাতক বাসটিকে আটক করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএ/২০৫৩ ঘ.
bdnews24