ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও তার দুই ছেলে এবং ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এ কর্মসূচি ঘোষণা করেন।
এ কর্মসূচির আওতায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী অনশন করবে ছাত্রদল। খালেদা জিয়া, তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান এবং ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করা হবে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতা কর্মীরা দুপুরে মধুর ক্যান্টিনে জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/১৯৪০ ঘ.
bdnews24