২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমারা মনে করি এ সরকার অবৈধ: মাওলানা ইসহাক

বর্তমান সরকারকে অবৈধ বলে মনে করেন চারদলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস এর একাংশের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

নোয়াখালী, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারকে অবৈধ বলে মনে করেন চারদলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস এর একাংশের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। তিনি বলেন, "বর্তমান তত্ত্ববধায়ক সরকার সাংবিধানিক সরকার নয়। আমরা এ সরকারকে অবৈধ বলে মনে করি। এ সরকারের অধীনে কোন স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। তাই চারদলীয় জোট সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচন বর্জন এবং প্রত্যাখ্যান করেছে।" বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী 'বিআরডিবি' মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মাওলানা ইসহাক এ কথা বলেন। তিনি বলেন, "এ সরকারের কাজ জাতীয় নির্বাচন করা। যেহেতু নির্বাচন কমিশন এখন স্বাধীন একটি প্রতিষ্ঠান তাই নির্বাচিত সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে সমস্যা নেই।" চারদলীয় জোট সরকারের সঙ্গে সংলাপে যাবে বলেও তিনি জানান। খেলাফত মজলিস নোয়াখালী শাখার আয়োজিত ওলামা ও সুধী সমাবেশের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মাওলানা ইসহাক অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, সবার আগে জাতীয় নির্বাচনসহ কয়েকটি দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস নোয়াখালী শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.