ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানির ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। তিনি জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি সম্পদ ব্যবহার করার অনুরোধ করেছেন।
বৃহস্পতিবার হোটেল শেরাটনে জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক এক কর্মশালা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি এ অনুরোধ করেন।
প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশে বলেন, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি সম্পদ ব্যবহার করে আমাদের জ্বালানি সাশ্রয় এবং গ্যাস ও বিদ্যুতের অপচয় রোধ করতে হবে।
তিনি বলেন, উচ্চ প্রবৃদ্ধির জন্য আমাদের জ্বালানির উৎপাদন বাড়াতে হবে। '২০২০ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ' লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। আমরা মনে করি জ্বালানির সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এই লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বে কয়েক বছর ধরে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যবহার বেড়ে গেছে। বাংলাদেশও বৈশ্বিক এই প্রবণতার বাইরে নয়।
তিনি বলেন, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পানি বিদ্যুৎ শক্তি ও আনবিক জ্বালানির 'সাশ্রয়'কে পঞ্চম জ্বালানি শক্তি হিসেবে বিবেচনা করা হয়। সাশ্রয় এ খাতে নতুন বিনিয়োগের প্রয়োজনীয়তা কমিয়ে প্রয়োজনীয় সম্পদ বাঁচায়। এটা পরিবেশের দূষণও কমায়।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের জ্বালানি বিভাগ জ্বালানি সংরক্ষণ আইনের খসড়া তৈরি করছে। এতে যে কোন ভবনে জ্বালানির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিতকরণের বিষয়টি থাকবে।
তিনি বলেন, আপনারা জানেন ভৌগোলিক কারণে বাংলাদেশের পর্যাপ্ত পানি বিদ্যুৎ শক্তি নেই। আমাদের বায়ু শক্তিকে এখন পর্যন্ত ঠিকভাবে ব্যবহার করা হয়নি। ঘরে সৌর বিদ্যুতের ব্যবস্থাসহ সরকার বিকল্প বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ কিছু কর্মসূচি নিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, আড়াই লাখেরও বেশি ঘরে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। সরকারের লক্ষ্য ২০১২ সালের মধ্যে এই সংখ্যা ১০ লাখে পরিণত করা।
তিনি জানান, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য সরকার অনুদান, সামান্য শর্তযুক্ত ঋণ ও কারিগরী সহায়তা দিচ্ছে। সোলার প্যানেল আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।
সৌরব্যবস্থা বাস্তবায়নে সহযোগিতা করার জন্য তিনি বিশ্বব্যাংক, জার্মানিসহ বিভিন্ন দাতা দেশ ও সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, সরকার এখন অন্যান্য সৌর জ্বালানি যেমন পানি গরম করা, সেচের জন্য পানি উত্তোলন এবং রাস্তার বাতির কাজে ব্যবহারের দিকে নজর দিচ্ছে।
তিনি বলেন, বায়ুশক্তি ব্যবহার করে ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফেনী ও কুতুবদিয়ায় ১ দশমিক ৯ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমরা এর বিস্তার ও সর্বোচ্চ বায়ু ব্যবহার করে আরো বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছি।
প্রধান উপদেষ্টা জানান, ধানের তুষ থেকে গাজীপুরে ২৫০ কিলোওয়াট বিদ্যুকেন্দ্র স্থাপন করা হয়েছে। একটি প্রকল্পের আওতায় ৬০ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হবে। এর ফলে রান্নার কাজে জ্বালানি কাঠ ও গোবরের ব্যবহার কমবে।
তিনি বলেন, সরকার একটি সমন্বিত নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণের চিন্তা করছে।
প্রধান উপদেষ্টা বলেন, বিকাশমান জ্বালানি খাতে বিনিয়োগের জন্য সরকার বেসরকারি অথবা যৌথ বিনিয়োগে উৎসাহ দিচ্ছে।
তিনি বলেন, আমি নিশ্চিত আমরা যদি আমাদের মানবিক ও প্রাকৃতিক সম্পদ একত্রিত করে তাদের সর্বাত্বক ব্যবহার করতে পারি তবে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী ২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইজাজ হোসাইন।
তিনি বলেন, "জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হলে খুব সহজেই সাতশ' থেকে আটশ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।"
জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিমের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রেহমান, জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রেনেটা লক ডেসালিয়েন, বিদ্যুৎ সচিব ফওজুল কবীর খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএআর/এমএ/১৫৪৭ঘ.
bdnews24