কক্সবাজার, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২২টি জেলার পর 'এসো বাংলাদেশ গড়ি' শীর্ষক রোড শো মেলা বুধবার আয়োজিত হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে।
দিনভর মেলায় বিভিন্ন স্টলে ব্যানার, ফেস্টুন, লিফলেট বিতরণ, ভিডিওচিত্র প্রদর্শনী, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত হয়।
মেলায় ১৩টি স্টলের মধ্যে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পর্যটন করপোরেশনের স্টল ছিল।
এছাড়া, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), নির্বাচন কমিশনসহ বিভিন্ন মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টল ছিল মেলাতে।
সকাল ১০টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের 'বিচ পার্কে' মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মুহাম্মদ হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল। কক্সবাজারের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার বনজ কুমার মজুমদার।
প্রধান অতিথি তার বক্তব্যে কক্সবাজারে বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়ানোর জন্য একটি এক্সক্লুসিভ বিচ তৈরির আহবান জানান।
বিশেষ অতিথি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদী বলেন, পর্যটনের উন্নয়নে জেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। পর্যটকদের স্বার্থের কথা বিবেচনা করে সরকার পর্যটন কর্পোরেশনের আওতাধীন হোটেল-মোটেলগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচ জন সাদা মনের মানুষ, দুই জন সফল কৃষক ও ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
সাদা মনের মানুষ হিসেবে সম্মাননা পেয়েছেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এ জি এম সালাহউদ্দিন, চকরিয়া পৌর এলাকার চিকিৎসক প্রফেসর ডা. শফিকুল হক, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলার ভালুকিয়া পালং এলাকার অধিবাসী ও পরমাণু বিজ্ঞানী ড. মীর কাশেম ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চিকিৎসক ডা. জামাল আহমদ।
এছাড়া সফল কৃষক হিসেবে সংবর্ধিত করা হয় শাহনেওয়াজ চৌধুরি ও মাওলানা মোহাম্মদ ইদ্রিসকে।
বিকেল সাড়ে ৩টায় মেলা প্রাঙ্গণে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোড শো'র গাড়ি বহরের দলনেতা পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
১১ জুলাই রোড শো'র গাড়িবহরটি কক্সবাজার ছাড়বে। গত ৮ জুলাই গাড়িবহর কক্সবাজারে পৌঁছায়।
এর আগে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রামসহ আরও কয়েকটি জেলায় ঘুরেছে রোড শো'র গাড়িবহর।
গত ৩০ মে শুরু হওয়া গাড়িবহরের যাত্রা ৫৫টি জেলা ঘুরে আগামী ১৪ জুলাই ঢাকায় ফিরবে।
সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/২২০৮ ঘ.
bdnews24