২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য বড় চ্যালেঞ্জ: হুয়া দু

অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু। বুধবার রাজধানীতে এডিবি'র আবাসিক মিশনে এক বিদায়ী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু। বুধবার রাজধানীতে এডিবি'র আবাসিক মিশনে এক বিদায়ী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হুয়া দু'র বিদায় উপলক্ষে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএ এই অনুষ্ঠানের আয়োজন করে। হুয়া দু জানান, অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় চ্যালেঞ্জ। অবকাঠামোগত উন্নয়নে প্রচুর বিনিয়োগ দরকার। কিন্তু দেশের রাজস্ব আয় মোট জাতীয় আয়ের (জিডিপি) একটি ক্ষুদ্র অংশ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষে আগামী সোমবার হুয়া দু'র ঢাকা ছাড়ার কথা রয়েছে। ২০০২ সালে এডিবি কর্মকর্তা হিসেবে বাংলাদেশে আসেন তিনি। এর পর ২০০৫ সাল থেকে তিনি ঢাকায় ব্যাংকের মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পর তিনি ম্যানিলায় সংস্থার প্রধান কার্যালয়ে যোগ দেবেন। বাংলাদেশের তৈরি পোশাক খাত প্রসঙ্গে হুয়া দু জানান, বহু পাক্ষিক ব্যবস্থা (এমএফএ) পরবর্তী সময়ে কোটা পদ্ধতি উঠে যাওয়ায় অনেক ঝুঁকি ও বাধা পার করেও এ খাত টিকে রয়েছে এবং বিকশিত হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য রপ্তানি কোটা বরাদ্দের মাধ্যমে 'এমএফএ চুক্তি' বিশ্বের বস্ত্র ও তৈরি পোশাক খাতকে ১৯৭৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, "এডিবি একমাত্র উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর আস্থা রেখেছে।" আগামী বছরগুলোতে তৈরি পোশাক খাত আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক হিসেবেও স্থান করে নিতে পারে বলে জানান তিনি। মানব উন্নয়নের ওপর জোর দিয়ে হুয়া দু জানান, কর্মদক্ষতা বৃদ্ধি কার্যক্রমে সহায়তার জন্য এডিবি ইতোমধ্যে বাংলাদেশকে পাঁচ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন করেছে। "বর্তমানে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি এ প্রকল্পে প্রশিক্ষণের মাধ্যমে বাজারের চাহিদা অনুসারে কর্মীদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে।" বলেন তিনি। ২০০৮-০৯ অর্থবছরের বাজেটকে 'দরিদ্র্য জনগোষ্ঠী ও ব্যবসায়ীদের জন্য সহায়ক' আখ্যায়িত করে তিনি বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ড দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।" বাংলাদেশে কার্য মেয়াদের সময় বিদ্যুৎ, অবকাঠামো ও মানব সম্পদ খাতে হুয়া দু'র অবদানের জন্য ধন্যবাদ জানান বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ। বিজিএমইএ সভাপতি বলেন, "দেশের উৎপাদন খাতের মোট কর্মীর ৪০ শতাংশ তৈরি পোশাক খাতে কাজ করে। এছাড়া মোট রপ্তানি আয়ের ৭৬ শতাংশ আসে এ খাত থেকে। " কর্মসংস্থান বাড়াতে সরকারের প্রতি উদার মুদ্রানীতি গ্রহণের আহ্বান জানিয়ে আনোয়ার-উল-আলম পারভেজ জানান, বাংলাদেশে ঋণে সুদের হার ১৪ শতাংশ যা ভারত বা চীনের ৩ শতাংশের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি। জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রধানরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএ/১৯৪৩ ঘ.