ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের ভোটকেন্দ্র নির্বাচন উপযোগী করা এবং ভোটগ্রহণ কর্মকর্তা ও এজেন্ট নিয়োগে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের জন্য এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব মো. আবদুল বাতেন (পৌর) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি ও পৌরসভার সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা ও ভোটগ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তার প্যানেল ইতোমধ্যে তৈরি হয়েছে। বিদ্যমান বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে পরিপত্রে।
সহকারি সচিব মো. ফখরুদ্দীন শিকদার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব এলাকায় ৭২০টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ চূড়ান্ত হয়েছে ৩৮৮৪টি। বিধি অনুযায়ী নির্বাচনের ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেটও প্রকাশ হয়ে যাবে।
ভোটকেন্দ্র'র তালিকা চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি কেন্দ্রে'র জন্য একজন প্রিজাইডিং অফিসার, প্রতিটি ভোটকক্ষের জন্য একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও দুইজন করে পোলিং অফিসার নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ইসি। বিতর্কিত শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ না দেওয়ার জন্য বলা হয়েছে।
২০ জুন সিটি ও পৌর নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে পর্যায়ক্রমে নির্দেশনা জারি করছে ইসি সচিবালয়। ইতোমধ্যে মনোনয়ন দাখিল ও যাচাই-বাছাই পর্যন্ত নানা বিষয়ে করণীয় সম্পর্কে অবহিত করা হয়েছে।
ভোটের দিন ব্যবহৃত স্থাপনাসমূহ মেরামত, সংস্কার বা পুনর্নির্মাণ করে নির্বাচন উপযোগী করতে এবং ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র স্থাপন, উপকক্ষ স্থাপন এবং মহিলা ও পুরুষদের জন্য ভোটকেন্দ্র স্থাপন করার জন্যে সোমবার নির্দেশনা দিয়েছে ইসি।
ভোট গ্রহণের জন্য কর্মকর্তা নিয়োগে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনায় ইসি বলেছে কোনো প্রার্থীর অধীন বা পক্ষে কর্মরত আছেন বা ছিলেন- এমন কোনো ব্যক্তিকে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা যাবে না। এক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ ও নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ করতে হবে।
আগামী ২০ জুলাইয়ের মধ্যে ভোটগ্রহণ নিয়োগের কাজ চূড়ান্ত করা হবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করারও নির্দেশ দিয়েছে ইসি।।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১২৫৪ঘ.
bdnews24