ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলার অন্যতম আসামি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমানকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার অব্যাহতির বিষয়ে এ আদেশ দেন।
এদিন এ মামলার অভিযোগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি অব্যাহত রয়েছে।
মঙ্গলবার আদালত শুরু হলে হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ এ মামলায় উচ্চ আদালতের একটি রিটের রায়ের বিভিন্ন অংশ আদালতকে পড়ে শোনান।
বিএনপির সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালতে রিটটি করেছিলেন।
চিকিৎসার জন্য শেখ হাসিনা বিদেশ যাওয়ায় মঙ্গলবার তার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন। মামলার অন্য ছয় আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। এতে অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই শেখ হাসিনা মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের মালিক ব্যবসায়ী নূর আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এসকে/১২২১ঘ.
bdnews24