২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের বিধি তৈরিতে শিগগিরই ইসি'র বৈঠক

গেজেট আকারে জারি হওয়া উপজেলা পরিষদ অধ্যাদেশ-২০০৮ সোমবার নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে। কমিশন শিগগিরই এ অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী বিধি তৈরির কাজে হাত দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 06:18 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেজেট আকারে জারি হওয়া উপজেলা পরিষদ অধ্যাদেশ-২০০৮ সোমবার নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে। কমিশন শিগগিরই এ অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী বিধি তৈরির কাজে হাত দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। এ অধ্যাদেশের মাধ্যমে উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করা হয়েছে এবং একজন নারীসহ দুইজন ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করার বিধান রাখা হয়েছে। ছহুল হোসাইন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাদেশটি আমরা আজ হাতে পেয়েছি। উপজেলা পরিষদ নির্বাচনের জন্য বিধিমালা তৈরির কাজে হাত দিতে দু'একদিনের মধ্যে আমরা বৈঠকে বসব।" গত ৩০ জুন স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ, ২০০৮ এর গেজেট প্রকাশ করা হয়। এর আগে ১৫ জুন উপদেষ্টা পরিষদ এতে চূড়ান্ত অনুমোদন দেয়। অধ্যাদেশে বলা হয়েছে, উপজেলা পরিষদের জন্য একজন চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়ারম্যান (যার একজন হবেন নারী) প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এছাড়া সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচিত চেয়ারম্যান এবং পৌরসভার (যদি থাকে) মেয়র ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা পদাধিকার বলে উপজেলা পরিষদের সদস্য হবেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের আয়োজন, পরিচালনা ও সম্পাদন করবে নির্বাচন কমিশন। পরিষদের মেয়াদ হবে পাঁচ বছর। রাজনৈতিক দলের যে কোনো স্তরের কমিটিতে পদাধিকারী ব্যক্তি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হলে শপথ নেয়ার আগে তাকে দলীয় পদ ছাড়তে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্ববর্তী এক বছরের মধ্যে কেউ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ খেলাপি হলে নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য বিবেচিত হবেন। উপজেলা পরিষদের তহবিল তসরুফের কারণে কেউ দণ্ডপ্রাপ্ত হলে, ফেরারি আসামি হলে, জাতীয় বা আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধী প্রমাণিত হলে এবং সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থায় নিয়োজিতরা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। নির্বাচনের আগে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীকে 'আমি অযোগ্য নই' লেখা হলফনামা দিতে হবে। নির্বাচিত হলে শপথ নেয়ার সময় হলফনামার মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হবে। গত ৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে দেশের ২৫০ থেকে ৩০০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২৩৫৬ ঘ.