২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন খোকা

সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার বিকেলে হাইকোর্ট থেকে অর্র্ন্তবতীকালীন জামিন পেয়েছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। মেয়র খোকা হাইকোর্টের বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চে হাজির হয়ে মামলা বাতিল ও জামিনের আবেদন করলে বিকেল পৌনে ৫টার দিকে আদালত এই আদেশ দেন।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই, ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার বিকেলে হাইকোর্ট থেকে অর্র্ন্তবতীকালীন জামিন পেয়েছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। (আরো তথ্যসহ) মেয়র খোকা হাইকোর্টের বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চে হাজির হয়ে মামলা বাতিল ও জামিনের আবেদন করলে বিকেল পৌনে ৫টার দিকে আদালত এই আদেশ দেন। শুনানি শেষে আদালত ১৬ জুলাই পর্যন্ত ঢাকার মেয়রের জামিন মঞ্জুর করে। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম ১৬ জুলাই পর্যন্ত স্থগিতও করেছে হাইকোর্ট। একইসঙ্গে আদালত এই সময়ের মধ্যে মামলা বাতিলের আবেদনটির ওপর চুড়ান্ত শুনানির ব্যবস্থা করতে দুর্নীতি দমন কমিশন ও খোকার আইনজীবীদের নির্দেশ দেন। খোকার বিরুদ্ধে মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবেনা তার কারণ জানতে চেয়ে সরকার ও দুদকের প্রতি রুলও জারি করে হাইকোর্ট। দুদকের আইনজীবী খোরশেদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হবে। খোকার কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, দুদক নির্ধারিত ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে। শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "দুদক আইন অনুযায়ী মামলা দায়েরের ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হয়। কিন্তু নির্ধারিত ওই ৬০ দিনের পরে দুদক সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। তাই মামলাটির কার্যক্রম চলতে পারে না। কারণ নির্ধারিত ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দায়ের করা বাধ্যতামূলক।" ভিন্নমত পোষণ করে দুদকের কৌসুলী অ্যাডভোকেট খুরশিদ আলম খান এর জবাবে বলেন, "দুদক আইনে বলা আছে ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে তদন্তকারী কর্মকর্তাকে। এই সময়ে তদন্ত শেষ না হলে আরও ১৫ দিন সময় পাবেন তিনি। এর পরও তদন্ত শেষ করতে না পারলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু মামলার কার্যক্রম আর চলতে পারবে না- এটা হতে পারে না। কারণ ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধানটি নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়।" আদালত প্রথমে তার অভিমতে ওই বিধানকে 'বাধ্যতামূলক' আখ্যা দিয়ে বলেন, "দুদকের আইন ও জরুরি বিধিমালা বিশেষ আইন। বিশেষ আইনের বিধানগুলোও বিশেষ। ৬০ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে তদন্ত প্রতিবেদন দায়ের করতে হবে। " এরপর এ বিষয়ে হাইকোর্টের অপর একটি বেঞ্চের রায়ের উল্লেখ করে দুদকের অপর কৌসুলি আজিজ খান বলেন, ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দায়ের করা বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক। আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণ করে দেওয়া আদেশে বলেন, ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দায়ের করা বাধ্যতামূলক না নির্দেশনামূলক এ বিষয়টি পরীক্ষা করা দরকার। এরপর আদালত খোকার বিরুদ্ধে মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবেনা তার কারণ দর্শানোর জন্য রুল জারি করা হয় । আদালত আদেশে আরও বলেন, খোকার কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক আদালতকে জানিয়েছেন তার বিরুদ্ধে এখনও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। তাই তাকে জামিন মঞ্জুর করা হলো। খোকা বিকেল সোয়া চারটায় হাইকোর্টের এই বেঞ্চে হাজির হয়ে দাঁড়িয়ে থাকেন। বিকেল প্রায় পৌনে ৫টায় আদেশ দেওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়েই ছিলেন। আদালত জামিন দেওয়ার পরপরই তিনি হাইকোর্ট থেকে চলে যান। গত ২ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম রমনা থানায় সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেন। তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়। মামলায় তাদের বিরুদ্ধে ১৭ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৪০৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ২৬৭ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। দুদকে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ৯ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৬০৯ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগ এনে গত ২ জুলাই মেয়র খোকা, তার স্ত্রী, ছেলেমেয়ের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। ব্যারিস্টার রফিক উল হককে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৫৬ঘ.