২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো মামলা ২ মাস স্থগিত

নিু আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম দু'মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলা দুটিতে হাসিনার বিরুদ্ধে কার্যক্রম কেন বাতিল করা হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশও দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিু আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম দু'মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলা দুটিতে হাসিনার বিরুদ্ধে কার্যক্রম কেন বাতিল করা হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশও দিয়েছে আদালত। হাসিনার আবেদন দুটির ওপর শুনানি গ্রহণ করে সোমবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত বলেছে, "নথিপত্র যথাযথ পর্যালোচনা ছাড়াই মামলা দুটিতে অনুমোদন দিয়েছে দুদক।" আবেদনের শুনানিতে হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ আদালতকে বলেন, দুর্নীতি দমন কমিশনের করা মামলার ক্ষেত্রে তিন বার অনুমোদন নিতে হয়। মামলা দায়ের, অভিযোগপত্র দায়ের ও বিচারিক আদালত মামলা আমলে নেওয়ার সময় এ অনুমোদন দরকার। কিন্তু এই মামলা দুুটির ক্ষেত্রে আইনের ওই বিধান অনুসরণ করা হয়নি। সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিঞা শুনানিতে অংশ নেন। মনসুর হাবিব বলেন, "মামলা দুুটিতে নিয়ম অনুসরণ করেই অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট মামলার দু'টি নথি তলব করে পরীক্ষা করেছে। কোথাও আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তাই রুল জারি বা মামলার কার্যক্রম স্থগিতের প্রশ্ন ওঠে না।" এর পরিপ্রেক্ষিতে আদালত বলেন, "নতুন আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন। তা না হলে আইনের উদ্দেশ্য ভেস্তে যেতে পারে। দুদকের মামলার ক্ষেত্রে অনুমোদন গুরুত্বপূর্ণ। অনুমোদন ছাড়া বিচারিক আদালত মামলা বিচারের জন্য আমলে নিতে পারে না।" আদালতের আদেশের পর শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট মামলা দুটির কার্যক্রম স্থগিত করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দুদক মামলা অনুমোদন দেওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে।" তিনি আরো বলেন, "আমরা আগে থেকেই বলেছিলাম হাসিনার বিরুদ্ধে এসব মামলা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হাইকোর্টের আজকের রায়েও তা প্রমাণিত হয়েছে।" এদিকে, দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। অবশ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব বলেন, আপিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভাসমান বিদ্যুত কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের জন্য গত ২ জুন হাইকোর্টে আবেদন করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে। গত বছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। চলতি বছর ১১ জানুয়ারি মামলাটিতে অভিযোগপত্র দেওয়া হয়। অন্যদিকে, নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য হাসিনা গত ১৯ জুন হাইকোর্টে আবেদন করেছিলেন। দুদক গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা দায়ের করে। এতে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ পন্থায় বিনা দরপত্রে দেয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৬৩০ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/জিএনএ/১৬৩৩ ঘ.