২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তার জন্য অধিক উৎপাদনে মনোযোগী হোন: সিএস করিম

কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি উৎপাদনে মনোযোগ দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি উৎপাদনে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, "কৃষকরা যাতে বাম্পার ফলনের ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনগণকেও কৃষিতে আরও বেশি বিনিয়োগ করতে হবে।" 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে চলমান রোড শো উপলক্ষে রোববার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি উপদেষ্টা এ কথা বলেন। তিনি ধানের পাশাপাশি গম, আলু, ভূট্টার মতো অন্যান্য ফসল উৎপাদনের উপরও গুরুত্বারোপ করেন। কৃষি উপদেষ্টা বলেন, "সরকার গত বছর পর পর দুটি বন্যা ও সিডরের ফলে সৃষ্ট শস্যহানি সফলভাবে মোকাবেলা করেছে। এত কিছুর পরও কৃষকরা তা পুষিয়ে নিয়েছে। অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়ানোর এ কৃতিত্বের দাবিদার আমাদের কৃষকরা। তবে এজন্য আত্মতুষ্টিতে ভুগলে পরবর্তী লক্ষ্য অর্জন সম্ভব হবে না।" ঘুরে দাঁড়ানোর এই ইতিহাসকে সামনে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। উপদষ্টো কৃষির পাশাপাশি তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান অর্জনের উপরও গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক আশরাফ শামীমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার হোসাইন জামিল ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। আলোচনা শেষে উপদেষ্টা সি এস করিম নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড় রোড শো উপলক্ষে জেলার পাঁচজন 'সাদা মনের মানুষকে' সম্মাননা দেওয়া হয়। এরা হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম, উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, নগর আওয়ামী লীগের কোষাধক্ষ্য এম এ ছালাম, শিল্পপতি মোহাম্মদ শাহজাহান ও রাউজান আওয়ামী লীগ নেতা এহসানুল হায়দার বাবুল। উদ্বোধনের পর মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন উদ্যোক্তাদের ১৮টি স্টল মেলায় অংশ নিয়েছে। গত ৩০ মে শুরু ঢাকা থেকে শুরু হয় রোড শো। রোড শো'র গাড়িবহর ইতোমধ্যে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লা ঘুরেছে। কক্সবাজারের টেকনাফ ঘুরে আগামী ১৪ জুলাই রোড শো'র গাড়িবহর ঢাকায় ফিরবে। সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের উদ্যোগে এ রোড শো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/এমএসবি/১৬১১ ঘ.