ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শায়েস্তা খাঁর আমলের সঙ্গে এখনকার বাজারদরের তুলনা না করার পরামর্শ দিয়ে শনিবার অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সোমবার তিনি বলেন, "আমার বক্তব্যটি গণমাধ্যমে আংশিক প্রচার করা হয়েছে। মূলত: আমি বলতে চেয়েছি, যে কোন অর্থনৈতিক অবস্থায় সম্পর্কিত পরিস্থিতির বিবেচনায় আনতে হয়। এক্ষেত্রে মূল্য হ্রাসের প্রত্যাশাই অবাস্তব।"
সোমবার অর্থ মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষায় সরকারি পদক্ষেপের জন্য বাজেটে বরাদ্দ করার অর্থের ব্যবহার সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সরকার মূল্য হ্রাস বা নিয়ন্ত্রণের সব ধরনের চেষ্টা করছে জানিয়ে উপদেষ্টা মির্জ্জা আজিজ বলেন, "সরাসরি খাদ্য সংশ্লিষ্ট পণ্যগুলোর শুল্ক হ্রাস করা হয়েছে। খাদ্য সামগ্রী উৎপাদন সংশ্লিষ্ট উপকরণের মূল্য কমানো হয়েছে, যাতে উৎপাদন ব্যয় কমবে। একই সঙ্গে করপোরেট ট্যাক্সও কমানো হয়েছে।"
তিনি বলেন, "দ্রব্যমূল্য কমবে কিনা তার শতভাগ নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কারণ বাজার মূল্য আর্থিক নীতি, মূদ্রা নীতি ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতিসহ অনেক কিছুর ওপর নির্ভর করে।"
অর্থ উপদেষ্টা জানান, এত কিছুর পরও আন্তর্জাতিক বাজারের কারণে দাম কমছে না। এ কারণে সরকার তিনটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পগুলোর মাধ্যমে কর্মহীন ও সুবিধা বঞ্চিতদের ১০০ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা, মাতৃত্বকালীন ভাতা এবং ছেলেদের উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যা পরিবারগুলোর আয় বৃদ্ধি করে ক্রয়ক্ষমতা বাড়াবে।
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা জানান, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির কারণে সরকারকে এখন ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। দাম বাড়ানো না হলে ভর্তুকির পরিমান দাঁড়াতো ১৭ হাজার কোটি টাকা। আন্তর্জাতিক বাজারের তুলনায় দাম কমই বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর কারণে প্রায় সাত হাজার কোটি টাকা ভর্তুকি হ্রাস করা সম্ভব হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৫৪৩ ঘ.
bdnews24