২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আদালত অবমাননা অধ্যাদেশের বিরুদ্ধে হাইকোর্টের রুল

নতুন জারি করা আদালত অবমাননা অধ্যাদেশটি কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে (স্যুয়োমটো) সরকারের প্রতি রুল জারি করেছে। রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ একটি সাপ্তাহিক পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির সময় এই স্যুয়োমটো রুল জারি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই, ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন জারি করা আদালত অবমাননা অধ্যাদেশটি কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে (স্যুয়োমটো) সরকারের প্রতি রুল জারি করেছে। রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চ একটি সাপ্তাহিক পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির সময় এই স্যুয়োমটো রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে আইন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৭ জানুয়ারি 'কালো টাকা সাদা করলেন এক বিচারপতি' শিরোনামে সাপ্তাহিক 'শীর্ষ কাগজ' এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে গত ১০ জানুয়ারি শীর্ষ কাগজের সম্পাদক মো. একরামুল হক, প্রধান প্রতিবেদক ইমতিয়াজ আহমেদ ও প্রতিবেদক নাসরিন আক্তারসহ ১৮ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। পরে এ বিষয়টি বিচারপতি খায়রুল হক নেতৃত্বাধীন বেঞ্চে চুড়ান্ত শুনানির জন্য পাঠিয়ে দেন প্রধান বিচারপতি। রোববার এর ওপর শুনানির সময় আদালত অবমাননায় অভিযুক্তদের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, নতুন আদালত অবমাননা আইন অনুযায়ী শীর্ষ কাগজ আদালত অবমাননা করেনি। আদালতের সহায়তাকারী (এমিকাস কিউরি) হিসেবে এ সময় সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বলেন, নতুন আদালত অবমাননা অধ্যাদেশটি সংবিধান পরিপন্থী। অধ্যাদেশটি পরীক্ষা করা প্রয়োজন। উভয় পক্ষের এই বক্তব্যের পর আদালত আইনটি কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে। এর আগে গত ৮ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শামসুল হক ও তাজুল ইসলামের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের বেঞ্চও আদালত অবমাননা অধ্যাদেশের কয়েকটি ধারা কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছিল। গত ২৫ মে সরকার ১৯২৬ সালের আদালত অবমাননা আইন বাতিল করে নতুন আদালত অবমাননা অধ্যাদেশটি জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২১৫২ ঘ.