নড়াইল, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় নড়াইলে মোস্তাক আহম্মেদ সবুজ নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে শনিবার বিকেলে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার মোস্তাকের মা খাদিজা আনোয়ার সদর থানায় মামলা করার পর পুলিশ আক্কাস বিশ্বাস (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। আক্কাস পৌর এলাকার ভওয়াখালীর মোখছেদ বিশ্বাসের ছেলে। তবে সবুজকে এখনও উদ্ধার করা যায়নি।
মামলার অপর আসামিরা হলেন- পৌর এলাকার ভওয়াখালীর আছাদ বিশ্বাসের ছেলে ইয়ার বিশ্বাস (৩০) এবং শ্বাশত (১৮)। এরা দুজন পলাতক।
মোস্তাক আহম্মেদ সবুজ নড়াইল পৌর এলাকার দক্ষিণ নড়াইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে এবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। তার বাবা আনোয়ার হোসেন ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশে কর্মরত আছেন।
সদর থানার দায়িত্বরত কর্মকতা উপ-পরিদর্শক অর্জুন সাংবাদিকদের জানান, মামলার অভিযোগে বলা হয়েছে- আসামিরা দীর্ঘদিন যাবত সবুজের পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। কিন্তু টাকা না দেওয়ায় আসামিরা শনিবার বিকেলে তাকে অপহরণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে অপহৃত সবুজকে উদ্ধারের চেষ্টা চলছে।"
সবুজের মা খাদিজা বেগম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "প্রাইভেট পড়ার জন্য সবুজ শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের ভওয়াখালী এলাকায় শিক্ষক অসিম কুমারের বাড়ির উদ্দেশে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি।"
আক্কাস বিশ্বাস অপর আসামিদের সহযোগিতায় সবুজকে অপহরণ করেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, "অপহরণ করার ফলে সবুজ রোববার অনুষ্ঠিত গণিত পরীক্ষা দিতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24