ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমিত আকারে ট্রেড ইউনিয়নের কার্যক্রম শুরুর অনুমতি দিচ্ছে সরকার। এর আওতায় ট্রেড ইউনিয়নগুলো নির্বাচন করতে পারবে। এজন্য জরুরি বিধিমালার সংশ্লিষ্ট ধারা শিথিল করা হচ্ছে।
রোববার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে 'জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, ২০০৮' চূড়ান্তকরণ সম্পর্কিত ত্রিপক্ষীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, "বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও সিবিএ'র নির্বাচনের মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে। অনেকক্ষেত্রে সিবিএগুলোতে বিকল্প কমিটি করা হয়েছে। সরকার এসব সিবিএ ও ট্রেড ইউনিয়নের নির্বাচনের সুবিধার্থে জরুরি বিধিমালা সীমিত আকারে শিথিলের উদ্যোগ নিয়েছে। এর আওতায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নির্বাচন করা যাবে।"
উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মাহফুজুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদ, বিকেএমইএ সভাপতি ফজলুল হকসহ মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় শিশুশ্রম নিরসন নীতির খসড়া প্রণয়ন সম্পর্কে উপদেষ্টা বলেন, "দীর্ঘ চার বছর ধরে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতদিন পাওয়া সুপারিশগুলো পর্যালোচনা করে একটি প্রস্তাব দিতে গত ২৫ মার্চ শ্রম ও কর্মসংস্থান সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের ত্রিপক্ষীয় কমিটি করা হয় যারা একটি চূড়ান্ত প্রস্তাব সভায় পেশ করেছে।"
উপদেষ্টা জানান, এ কমিটির সুপারিশগুলোর ওপর মতামত গ্রহণের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারা মতামত দেওয়ার পর খসড়াটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে।
আনোয়ারুল ইকবাল বলেন, "তৈরি পোশাক খাতকে শতভাগ শিশুশ্রমমুক্ত করা সম্ভব হয়েছে। তবে চিংড়ি খাত, জাহাজ ভাঙা শিল্প এবং বিড়ি প্রস্তুতকারক শিল্প খাতে অনেক শিশু শ্রমিক নিয়োজিত রয়েছে। এসব খাতকেও শিশুশ্রমমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে।"
স্থানীয় সরকার উপদেষ্টা আরও জানান, ২০০৩ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ৩১ লাখ ৮০ হাজার শিশু শ্রমিক রয়েছে। এদের মধ্যে অনেককে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। দাতা সংস্থার সহায়তায় ৩০ হাজার শিশু শ্রমিককে শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৩০ হাজার শিশু শ্রমিককে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/এসকে/১৭২৪ঘ.
bdnews24