ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে সোমবার সকালে দু'টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক সোয়েব আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে হাসনাবাদ রিভারভিউ কমিউনিটি সেন্টারের সামনে সেতুর গোড়ায় একটি যাত্রীবাহী বাস টেম্পুকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মকবুল হোসেন (৬০) ও তারব আলি (১৩) নামে দু'জন টেম্পু যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত তিন/চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোয়েব আলি জানান, অন্য দুর্ঘটনাটি ঘটে ইকুরিয়া বাজারের সামনে। সকাল ৬টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৫) রাস্তা পার হওয়ার সময় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাস বা ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি।
তিনজনের লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৬২৮ ঘ.
bdnews24