দিনাজপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার হামজাপুর গ্রামের একটি কবরস্থানে শনিবার বিকেলে বোমা বিষ্ফোরণে শিশুসহ দুজন আহত হয়েছে।
আহতদের ভর্তি করা হয়েছে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকাল ৫টার দিকে উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের হামজাপুর গ্রামের একটি কবরস্থানে কয়েকজন শিশু খেলছিল। এ সময় তারা কয়েকটি বস্তু দেখতে পায়। একটিকে পা দিয়ে আঘাত করলে বিস্ফোরণ ঘটে।
বিষ্ফোরণে হামজাপুর গ্রামের মকছেদুল ইসলামের ছেলে শিশু মমিন (৯) ও একই গ্রামের মৃত কাহারউদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (২২) আহত হয় বলে তিনি জানান।
ওসি জানান, আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চটের ব্যাগে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করে। সেটা বোমা কিনা তিনি নিশ্চিত করে বলেননি। তবে সুতলি দিয়ে পেঁচানো ওই বস্তুটি থানায় একটি বালতিতে পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24