ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদেরকে সর্বশেষ প্রযুক্তিজ্ঞান অর্জন ও এর ব্যবহারের প্রতি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
শনিবার দুপুরে পিজিআরের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
পিজিআর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন," ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়টি আজ পরিণত হয়েছে একটি বহুমাত্রিক কার্যক্রমে। ফলে পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাজ সরঞ্জাম যুগোপযোগী রাখতে আপনাদের সদা সচেষ্ট থাকতে হবে। এজন্য নিয়মিত প্রশিক্ষণ ও কঠোর অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেবেন। সর্বশেষ প্রযুক্তিজ্ঞান ও এর ব্যবহারের প্রতি অগ্রাধিকার দেবেন।"
পিজিআর এর আধুনিকীকরণে 'যথাসাধ্য সকল কিছু' করার আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "রেজিমেন্টের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
প্রধান উপদেষ্টা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং এক প্রীতিভোজে যোগ দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, প্রতিরক্ষা সচিব কামরুল হাসানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে কোয়ার্টার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
১৯৭৫ সালের ৫ জুলাই ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠা লাভ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/১৫১০ঘ.
bdnews24