২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে: সিএস করিম

কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা সি এম করিম বলেছেন, কুড়িগ্রাম জেলার চিলমারীসহ বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন রোধে সামর্থ্য অনুযায়ী সম্ভাব্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

কুড়িগ্রাম, জুলাই, ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা সি এম করিম বলেছেন, কুড়িগ্রাম জেলার চিলমারীসহ বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন রোধে সামর্থ্য অনুযায়ী সম্ভাব্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার বিকেলে চিলমারী উপজেলার পুঁটিমারী-কাজলডাঙ্গা এলাকায় নির্মাণাধীন বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় উপদেষ্টা চিলমারী বন্দর রক্ষা প্রকল্পের আওতায় সিসি ব্লক তৈরির কাজও পরিদর্শন করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাফউদ্দৌলা জানান, চিলমারী উপজেলার রাজারভিটা থেকে পুঁটিমারী-কাজলডাঙ্গা পর্যন্তপ্রায় ২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গত দুই বছরে ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে যায়। বাঁধের এই ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে গত বছর চিলমারী উপজেলা পরিষদ চত্বরসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তিনি জানান, কুড়িগ্রাম সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের (দক্ষিণ ইউনিট) আওতায় চলতি বছরের জানুয়ারির প্রথমদিকে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে শুরু হয় ৩ দশমিক ১২০ কিলোমিটার বিকল্প বাঁধ তৈরির কাজ। ইতোমধ্যে ২ দশমিক ৩৬৫ কিলোমিটার বাঁধ তৈরির কাজ শেষ হয়েছে। পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহীদ মোহাম্মদ মোজাদ্দাদ ফারুক, অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম মহা. আজাদ, প্রধান প্রকৌশলী আবুল কালাম, কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. জালাল উদ্দিনসহ প্রমুখ। পরিদর্শন শেষে তিনি উলিপুর উপজেলা সদরে ফলদ বৃক্ষ, কৃষি যন্ত্রপাতি ও বীজ মেলা ঘুরে দেখেন। এরপর রাত ৮টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.