চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শুক্রবার ভোররাতে পৃথক অভিযানে প্রায় তিন কেজি কোকেন ও ইমিটেশনের সাড়ে আট হাজার পিস ভারতীয় অলংকার উদ্ধার করেছে বিডিআর।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার ক্যাপ্টেন সৈয়দ মো. আবু হাসান জানান, সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি এলাকায় ভোর ৪টার দিকে কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে আসতে দেখে ধাওয়া করে বিডিআরের টহল দল।
তিনি জানান, ধাওয়া খেয়ে তারা একটি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। পরে বিডিআর ব্যাগে থাকা ২৫টি প্যাকেটে দুই কেজি ৭৫০ গ্রাম কোকেন উদ্ধার করে। উদ্ধারকৃত কোকেনের বাজারমূল্য দুই কোটি ৭৫ লাখ টাকা।
ক্যপ্টেন আবু হাসান জানান, বিডিআরের অপর একটি দল ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইমিটেশনের সাড়ে আট হাজার পিস ভারতীয় অলংকার উদ্ধার করেছে। উদ্ধারকৃত অলংকারের বাজারমুল্য ২৫ লাখ টাকা বলে তিনি জানান।
উদ্ধারকৃত মালামাল বিডিআর হেফাজতে রয়েছে বলে ক্যাপ্টেন আবু হাসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24