২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআই ও সার্জেন্ট নিয়োগ বাতিলের বৈধতা নিয়ে রিট খারিজ

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশের ৮ শ' ৩৫ সাব ইন্সপেক্টর (উপ পরিদর্শক) ও সার্জেন্ট নিয়োগ বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 12:32 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই, ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশের ৮ শ' ৩৫ সাব ইন্সপেক্টর (উপ পরিদর্শক) ও সার্জেন্ট নিয়োগ বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোঃ আবদুর রশিদ ও বিচারপতি মোঃ আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ নিয়োগ বাতিল ও নতুন নিয়োগের বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে এসআই এনামুল হক, হুমায়ুন কবির ও সুলতানা পারভিনসহ এসআই ও সার্জেন্টদের ১৯ টি পৃথক রিট আবেদনের ওপর এক সঙ্গে চুড়ান্ত শুনানি গ্রহণ করে এই রায় দেন। হাইকোর্ট তার রায়ে বিএনপি ও জামায়াত আমলে নিয়োগ পাওয়া এসব এস আই ও সার্জেন্টের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করেছে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে রিটকারীদের একজন কৌসুলী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, অনিয়ম ও রাজনৈতিক বিবেচনায় এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিমত দিয়ে হাইকোর্ট রিটগুলো খারিজ করে দেন। ২০০৬ সালের নভেম্বর মাসে এসব এসআই ও সার্জেন্টের নিয়োগ চুড়ান্ত করে বিএনপি-জামায়াত জোট সরকার। ঘুষ নিয়ে ও দলীয় বিবেচনায় এসব এসআই এবং সার্জেন্টকে মনোনীত করা হয়েছে অভিযোগ এনে গত বছর ১০ ফেব্র"য়ারি বর্তমান সরকার তাদের নিয়োগ বাতিল করে। এরপর গত বছরের ২২ ফেব্র"য়ারি এসব পদে নতুন করে নিয়োগের জন্য পুলিশ সদর দপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ বাতিল ও নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক ১৯ টি রিট আবেদন করা হলে নিয়োগ বাতিল ও নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি হাইকোর্ট রুলনিশি জারি করেছিল। রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, ব্যারিস্টার মইনুল ইসলাম চৌধুরী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮২২ঘ.